রেমিট্যান্স প্রণোদনা ৩ শতাংশ করার দাবিতে ম্যানচেস্টারে স্মারকলিপি
ম্যানচেস্টার, যুক্তরাজ্য:
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও বৃদ্ধি এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহ দিতে রেমিট্যান্স প্রণোদনা ৩ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে।
বৃহস্পতিবার ম্যানচেস্টারে বাংলাদেশ সহকারী হাই কমিশনে সংগঠনের একটি প্রতিনিধি দল এ দাবিতে স্মারকলিপি জমা দেয়। চেয়ারম্যান মহসিন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি স্মারকলিপি সহকারী হাই কমিশনারের কাছে হস্তান্তর করে, যা বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে।
স্মারকলিপিতে বর্তমান ২ দশমিক ৫ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা বাড়িয়ে ৩ শতাংশ করার আহ্বান জানানো হয়। সংগঠনের নেতারা বলেন, প্রণোদনা বৃদ্ধি পেলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো আরও বাড়বে, হুন্ডি নিরুৎসাহিত হবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা ড. জাকি মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তারেক, ট্রেজারার দেওয়ান মহসিন উদ্দীন, উপদেষ্টা আফসার শামীম, ভাইস চেয়ারম্যান বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক এনামুল করিম, সহ-সাধারণ সম্পাদক সালেক শামীম, প্রেস সেক্রেটারি ইসলাম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির নেতারা আশা প্রকাশ করেন, প্রবাসীদের অবদান ও দেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় সরকার রেমিট্যান্স প্রণোদনা ৩ শতাংশে উন্নীত করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
